সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আব্দুল কুদ্দুসের বড় ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে সুনামগঞ্জ সদর থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে দিরাই পৌরশহরের দোওজ আবাসিক এলাকার ধল রোডে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, মাসুম প্রদীপের বাবা প্রয়াত আলহাজ্ব আব্দুল কুদ্দুস ছিলেন দিরাইয়ের একজন প্রভাবশালী রাজনীতিক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুস সামাদ আজাদের ভাতিজি জামাই হওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর বিশেষ প্রভাব ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাঁদের বাড়িতে গিয়েছিলেন বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে।
রাজনৈতিক জীবনে আব্দুল কুদ্দুস প্রথমে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে সাবেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতায় টিকতে না পেরে নাছির চৌধুরীর হাত ধরে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি দিরাই উপজেলা বিএনপির সভাপতি হন এবং পরবর্তী সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একপর্যায়ে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হলে তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের হাত ধরে আবারও আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসেন। বাবার রাজনৈতিক ধারাবাহিকতায় মাসুম প্রদীপও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে তাঁর সক্রিয়তা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি বাড়িতে গিয়ে নিজেদের থানার লোক পরিচয় দিয়ে দরজায় ডাকাডাকি করেন। এ সময় দরজা না খুললে ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দেওয়া হয়। পরে দরজা খুলে দিলে কোনো কিছু না জানিয়েই তাঁকে নিয়ে যাওয়া হয়। এ সময় কোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানাও দেখানো হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি।
পরিবারের সদস্যরা আরও জানান, মাসুম প্রদীপের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিংবা কোনো মামলার বিষয়ে আগে তাঁকে অবহিত করা হয়েছেÑএমন তথ্য তাঁদের জানা ছিল না। কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও তাঁরা অবগত ছিলেন না।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আমড়া তাঁকে গ্রেপ্তার করিনি। সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় সুনামগঞ্জের ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানি।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘প্রায় দুই মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার আসামিকে গত রাতে দিরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’