আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন

সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির

একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:১০ পিএম
সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির
ছবি: FNS

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ সংসারের সব সম্বল। এক রাতের আগুন কেড়ে নিয়েছে মাথা গোঁজার ঠাঁই। কিন্তু সব হারানোর বেদনার মধ্যেও মিনতি রানীর সবচেয়ে বড় কষ্ট ছিল তাঁর সেলাই মেশিনটি হারানো। কারণ ওই মেশিনই ছিল সংসারে স্বামীর পাশাপাশি তাঁর নিজের উপার্জনের একমাত্র অবলম্বন। আগুনে পুড়ে যাওয়া সেই সেলাই মেশিনটি বুকে জড়িয়ে ধরে কান্নারত মিনতির ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবি দেখে এগিয়ে এসেছেন মানবিক কিছু মানুষ। তাঁদের সহযোগিতায় আবারও নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন মিনতি।
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে গত ২ নভেম্বর সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই দরিদ্র জেলে ও কৃষক। এক রাতের আগুনে নিঃস্ব হয়ে পড়েন তাঁরা। আগুনে কোনো প্রাণহানি না ঘটলেও বসতঘরসহ সর্বস্ব হারিয়ে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই করছেন পরিবারগুলোর সদস্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি প্রমোদ দাস ও মিনতি রানীর পরিবার। প্রমোদ দাস একজন শ্রমজীবী মানুষ। বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আর হেমন্তে অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করেন। সংসারের অভাব ঘোচাতে স্বামীর পাশাপাশি মিনতি রানীও কাজ করতেন। পাড়ার মানুষের কাপড় সেলাই করে যা আয় হত, তা দিয়ে সংসারে সহযোগিতা করতেন। তাঁর কাছে সেলাই মেশিনটি কেবল একটি যন্ত্র ছিল না, ছিল নিজের পায়ে দাঁড়ানোর শক্তি এবং সংসারের দুঃসময়ে স্বামীর পাশে থাকার অবলম্বন।
অগ্নিকাণ্ডের পর নিজের সেলাই মেশিনটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মিনতি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সেই ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রপ্রবাসী রিয়েলটর মাসুক রহমানের। তাঁর আর্থিক সহযোগিতায় আব্দুল বারী ও আয়েশা বারী ট্রাস্ট, সুনামগঞ্জের ‘দুস্থ নারী স্বাবলম্বী সহায়তা কার্যক্রমের’ আওতায় মিনতি রানীকে আবারও একটি সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মিনতি রানীর হাতে তুলে দেওয়া হয় একটি সিঙ্গার সেলাই মেশিন। নতুন মেশিনটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। চোখেমুখে ফুটে ওঠে হারানো জীবিকা ফিরে পাওয়ার আনন্দ। সর্বস্ব হারানো একটি পরিবারের কাছে এমন সহযোগিতা যে কত বড় আশার আলো হয়ে উঠতে পারে, মিনতির চোখের জল আর মুখের হাসিই তার প্রমাণ।
এ সময় মিনতি রানি বলেন, ‘আমার স্বামীর পাশাপাশি পরিবারের জন্য নিজেও কিছু করার চেষ্টা করি। পাড়ার সব মানুষের কাপড় সেলাই করি। আগুনে সবকিছু শেষ হয়ে গেছে। শুধু পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছু নেই। ঘর কীভাবে বানাব, তা জানি না। আজ আপনারা আমাকে এই সেলাই মেশিন দিয়ে যে উপকার করেছেন, তা বলে শেষ করতে পারব না। ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাদের ভালো রাখেন।’ কথা বলতে বলতে কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন মিনতি। নতুন সেলাই মেশিন পেয়ে কয়েক দিন পর তাঁদের বাড়িতে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে নিমন্ত্রণও জানান তিনি। মিনতির হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, মিনতির স্বামী প্রমোদ দাস, আব্দুল বারী ও আয়েশা বারী ট্রাস্ট এর প্রতিনিধি অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা ও বৈশাখী টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস।

আপনার জেলার সংবাদ পড়তে