মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:১৪ পিএম
মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ছবি: FNS

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সুরাবি গ্রামের সন্তোষ সাব্দাকরের ছেলে। নিহতের পিতা সনাতন ধর্মের অনুসারী। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক পিকআপচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান: জগদীশপুর সড়কে ২৩ কোটি টাকার বেশি ব্যয়ে বিশাল উন্নয়ন প্রকল্প
এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : অবশেষে দীর্ঘদিনের অবহেলার স্বীকার হবিগঞ্জের মাধবপুরের বহুল প্রত্যাশিত জগদীশপুর সড়কের বেহাল অবস্থার অবসান হতে যাচ্ছে। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নিরলস প্রচেষ্টায় জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর হয়ে অলিপুর পর্যন্ত বিস্তৃত পুনর্র্নিমাণ ও সার্বিক উন্নয়নের জন্য ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোদমে মাঠপর্যায়ে কাজ শুরু করবে।
উপজেলার অত্যন্ত প্রাচীন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের সংস্কার ছাড়াই পড়ে ছিল। ফলে সময়ের সাথে সাথে এর পিচ ও সুরকি উঠে গিয়ে পুরো পথজুড়ে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়। বিশেষ করে গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পরিণত হওয়ায় যান চলাচল একপ্রকার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সড়কটির দুই পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি সুনামধন্য ও বড় শিল্পকারখানা। ফলে স্বাভাবিক যাতায়াতের পাশাপাশি প্রতিদিন শিল্পপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শ্রমিক, কাঁচামাল বহনকারী ভারী ট্রাক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল।
এলাকাবাসীর এই জনদুর্ভোগ লাঘবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল শুরুতে নিজস্ব অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে সড়কের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অংশগুলোতে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে যানবাহন চলাচল সচল রাখার চেষ্টা চালান। কিন্তু সড়কটির দীর্ঘমেয়াদি সমাধানের জন্য এটি যথেষ্ট ছিল না। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে স্থায়ীভাবে সড়কটি পুনর্র্নিমাণের উদ্যোগ নেন। তাঁর জোর তৎপরতার জের ধরেই মন্ত্রণালয় থেকে এই ২৩ কোটি ৮০ লাখ টাকার বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়।
মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ামাত্রই ঠিকাদার কার্যাদেশ পাবেন এবং দ্রুততম সময়ে কাজ শুরু হবে। স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া জানান, এই প্রাচীন সড়কটি পুরো অঞ্চলের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের যোগাযোগের মূল চাবিকাঠি। দীর্ঘ প্রতীক্ষার পর সংসদ সদস্যের এই উদ্যোগে মূল সংস্কার কাজ শুরু হতে চলায় স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এ বিষয়ে বলেন, বর্তমান সরকার জনগণের ন্যায্য দাবি পূরণ ও দুর্ভোগ দূর করতে সবসময় আন্তরিক। জগদীশপুর সড়কের উন্নয়নকাজ সহ মাধবপুর ও চুনারুঘাট এলাকার সর্বাঙ্গীণ যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে