সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি ও প্রতাপপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালান।
অভিযানে ভারতীয় জিরা, সার্জিক্যাল সামগ্রী, রসুন, গরু, জুস, বিস্কুট, টম্যাটো, হ্যালোজেন লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, কসমেটিকস, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, মিলেট মিউসলি, ট্যাটু মেশিন ও জিপিএস ট্র্যাকার জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।