মহাদেবপুর

ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ আরএমপি’র নারী শ্রমিক নিয়োগে লটারি

রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ পিএম
ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ আরএমপি’র নারী শ্রমিক নিয়োগে লটারি
ছবি: FNS

এবার নওগাঁর মহাদেবপুরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে (আরইআরএমপি) লটারীর মাধ্যমে নারী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদীহিমূলক করতে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফের এই উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। এতে স্বজনপ্রীতি, রাজনৈতিক সুপারিশ বা দূর্নীতির মাধ্যমে নিয়োগের কোন সুযোগ থাকলো না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই লটারীর আয়োজন করা হয়।
ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠিত লটারি প্রক্রিয়ায় উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিঞা, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন, উপ-সহকারী প্রকৌশলী রাজিব আহমেদ প্রমুখ সহযোগীতা করেন।
উপজেলার ১০টি ইউনিয়ন থেকে মোট ২৯৪ জন নারী নিয়োগ পাবার জন্য আবেদন করেন। লটারীর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে মোট একশ’ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। এসব নারী শ্রমিক আগামী তিন বছর ধরে ছুটির দিন ব্যতিত প্রতিদিন কাজের জন্য তিনশ’ টাকা করে মজুরি পাবেন। এরমধ্যে একশ’ টাকা করে বাধ্যতামূলক ব্যাংক একাউন্টে সঞ্চয় করবেন। তিন বছর পর সঞ্চিত টাকা একসাথে উত্তোলন করবেন। এতে ওইসব পরিবার স্বাবলম্বী হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আরইআরএমপি-রুরাল ইমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-৪ এবছর শুরু হয়ে ২০২৯ সাল পর্যন্ত চলবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরজন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার সাতশ’ ২৩ দশমিক ১৫ কোটি টাকা। সারাদেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় মোট ৪৪ হাজার চারশ’ ৬০ জন নারী শ্রমিক প্রকল্পের ৮৮ হাজার নয়শ’ ২০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করবেন। হতদরিদ্র নারীপ্রধান পরিবারকে সহায়তা করা এবং সারাবছর গ্রামীণ সড়ক চলাচলের উপযোগী রাখার উদ্দেশে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে