জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজশাহীর বাগমারায় মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বাগমারা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এসব কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচির অংশ হিসেবে পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ।