সেনবাগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৩:৩৯ পিএম
সেনবাগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ
ছবি: FNS

নোয়াখালীর সেনবাগে আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষক সমিতির কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে উত্তর, দক্ষিণ ও মধ্য এই তিনটি ক্যাচমেন্ট এলাকায় ভাগ করে পরীক্ষাকেন্দ্র নির্ধারণের উদ্যোগ নেয় উপজেলা শিক্ষা অফিস। পরিকল্পনা অনুযায়ী, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ইউনিয়নের বিদ্যালয়গুলোর জন্য ইয়ারপুর উচ্চ বিদ্যালয়, ৪ ও ৫ নম্বর ইউনিয়ন এবং পৌরসভার বিদ্যালয়গুলোর জন্য সেনবাগ পৌরসভা এবং ১, ২ ও ৩ নম্বর ইউনিয়নের বিদ্যালয়গুলোর জন্য কেশারপাড় ইউনিয়নের কানকিরহাটকে কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। তবে অভিযোগ উঠেছে, এ পরিকল্পনার ব্যত্যয় ঘটিয়ে কানকিরহাটে কেন্দ্র না করে উপজেলার এক প্রান্তে অবস্থিত ছাতারপাইয়া ইউনিয়নে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে ডমুরুয়া ও কেশারপাড় ইউনিয়নের শিক্ষার্থীদের দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই দুই ইউনিয়নের কয়েকজন শিক্ষক ও অভিভাবক অভিযোগ করেন, শিক্ষা অফিসের সঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির কয়েকজন নেতার যোগসাজশে এভাবে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তারা শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কেন্দ্রটি মধ্যবর্তী স্থানে নির্ধারণের দাবি জানান।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নুর উল্লাহ বলেন, বৃত্তি পরীক্ষার কেন্দ্র সাধারণত মধ্যবর্তী বিদ্যালয়ে করা হয়ে থাকে। কিন্তু উত্তরাঞ্চলের বিদ্যালয়গুলোর ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হয়নি। কেন এমনটি হয়েছে, তা তিনি জানেন না। অভিযোগের বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলানা বাবু বলেন, শিক্ষা অফিস মাত্র দুই ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের তালিকা ও সিট প্ল্যান জমা দিতে বলেছিল। তাড়াহুড়ো করে তালিকা দেওয়া হয়। ওই তালিকার ভিত্তিতে ছাতারপাইয়ায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কানকিরহাটে পরীক্ষা নেওয়ার উপযোগী কেন্দ্র নেই। ছাতারপাইয়ায় কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা নেই। যেহেতু কেন্দ্র নির্ধারণ হয়ে গেছে, তাই এ বছর সেখানেই পরীক্ষা অনুষ্ঠিত হোক। পরবর্তী সময়ে শিক্ষা অফিস কেন্দ্র পরিবর্তন করে কানকিরহাটে নিলে তাঁর আপত্তি নেই। সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, কারও অভিযোগ থাকলে তাঁদের সেনবাগ পৌরসভা কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে