ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

এফএনএস; ঢাকা: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
ছবি: FNS

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে বগিটির আটটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

বুধবার (১১ নভেম্বর) ভোর ৩টার দিকে স্টেশনে ট্রেনটি শান্টিং করার সময় আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন কর্তৃপক্ষ জানায়, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোর ৫টার দিকে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনার সময় ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে রাখা হয়েছিল।

এ সময় গেটকিপার স্বাধীন আহমেদ একটি বগির ভেতরে আগুন দেখতে পান। তিনি দ্রুত রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ, আরএনবি, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে বগিটিতে আগুন দেওয়া হয়েছে। আগুন লাগার পর পাশের ‘জ’ বগির আসনগুলোতে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছেটানো অবস্থায় পাওয়া যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ট্রেনটির বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মোরছালিন ও রনি নামে দুই যুবককে আটক করা হয়। তাঁদের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। পরে তাঁদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে