জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ‘বাংলাদেশ তামাক বিরোধী জোট’। সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য উন্নয়নে এমন যুগান্তকারী পদক্ষেপ নেওয়ায় জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ তামাক বিরোধী জোটের দপ্তর সম্পাদক সৈয়দা অনন্যা রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত দৃষ্টান্তমূলক। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করার পাশাপাশি জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত করার এই ঘোষণা সেই নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নেরই একটি দৃশ্যমান ও প্রশংসনীয় পদক্ষেপ।
এর আগে গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এটি প্রধানমন্ত্রীসহ কমিটির সকল সদস্যের রাজনৈতিক বিচক্ষণতা ও জনস্বাস্থ্য সুরক্ষার প্রতি দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ।
বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে, দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ কেবল আইন প্রণয়নের কেন্দ্রই নয়; বরং এটি রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও জনকল্যাণমূলক অঙ্গীকারের প্রতিফলন ঘটানোর প্রধান প্রতিষ্ঠান। সংসদ ভবন ও এর পুরো চত্বরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা এই চত্বরে আগত প্রত্যেকের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬)’ অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনসমূহ ইতিমধ্যে সম্পূর্ণ তামাকমুক্ত স্থান। জোট প্রত্যাশা করে, জাতীয় সংসদ চত্বর কেবল ধূমপানমুক্ত নয়, দ্রুত এটিকে ‘সম্পূর্ণ তামাকমুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করা হবে। একই সঙ্গে জাতীয় সংসদের এই অনুকরণীয় উদ্যোগ দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।