চাঁদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মীসহ গ্রেফতার

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:০২ পিএম
চাঁদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতাকর্মীসহ গ্রেফতার
ছবি: FNS

চাঁদপুর জেলাজুড়ে গত ২৪ ঘণ্টায় পুলিশি সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের(আওয়ামী লীগ) ১৬ জন নেতাকর্মী ও ৫ জন মাদক সংশ্লিষ্ট আসামিসহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে জেলাজুড়ে অভিযান চালিয়ে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যাদের পরবর্তীতে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (০৯ নভেম্বর) চালানো এই অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, তালিকাভুক্ত অপরাধী, মাদক ব্যবসায়ী এবং জিআর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

থানাওয়ারি গ্রেফতার ও আটকের চিত্র:

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী গ্রেফতার (১৬ জন): চাঁদপুর সদর মডেল থানায় ০৬ জন, ফরিদগঞ্জ থানায় ০৪ জন, মতলব দক্ষিণ থানায় ০২ জন, হাজীগঞ্জ থানায় ০২ জন এবং শাহরাস্তি থানায় ০২ জনসহ মোট ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

কিশোর গ্যাং প্রতিরোধ (১৯ জন): অভিযানে মতলব উত্তর থানা থেকে ০৬ জন, ফরিদগঞ্জ থানায় ০৫ জন, চাঁদপুর সদর মডেল থানায় ০৪ জন, হাজীগঞ্জ থানায় ০৩ জন এবং হাইমচর থানা থেকে ০১ জনসহ মোট ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। আটক কিশোরদের অপরাধে না জড়ানোর বিষয়ে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।মাদকবিরোধী অভিযান ও উদ্ধার: মাদকবিরোধী অভিযানে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ফরিদগঞ্জ থানায় ২ জন (১০ পিস ইয়াবা), মতলব উত্তর থানায় ২ জন (১৫০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা) এবং হাজীগঞ্জ থানায় ১ জন (৫ পিস ইয়াবা) রয়েছে। অভিযানে সর্বমোট ১৫০ গ্রাম গাঁজা ও ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যান্য অপরাধে গ্রেফতার ও আটক: এছাড়া চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে ১ জন চাঁদাবাজ এবং মাদকসেবী ও সন্দেহভাজন ৮ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়। অন্যদিকে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে হাইমচর থানায় ১ জন, মতলব উত্তর থানায় ১ জন, শাহরাস্তি থানায় ২ জন, হাজীগঞ্জ থানায় ১ জন এবং কচুয়া থানায় ১ জনসহ মোট ৬ জন জিআর ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত সব আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরণের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে