নীলফামারীর

স্মৃতির পাতায় অমলিন হয়ে আছেন ছোট বিএসসি হাফিজ স্যার

ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী:
| আপডেট: ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম
স্মৃতির পাতায় অমলিন হয়ে আছেন ছোট বিএসসি হাফিজ স্যার
ছবি: FNS

কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁদের স্মৃতি কখনোই মুছে যায় না। বিশেষ করে প্রিয় শিক্ষকেরা তাঁদের শিক্ষা, আদর্শ ও ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে থাকেন শিক্ষার্থীদের হৃদয়ে। তেমনই একজন মানুষ ছিলেন আমার প্রিয় শিক্ষক আব্দুল হাফিজ বিএসসি স্যার, যিনি সবার কাছে পরিচিত ছিলেন ‘ছোট বিএসসি’ নামে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের রাজীব গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ছিলেন আব্দুল হাফিজ বিএসসি। নামের মিল থাকায় তাঁদের আলাদা করে পরিচিত করা হত ‘বড় বিএসসি’ ও ‘ছোট বিএসসি’ নামে। প্রধান শিক্ষককে বলা হত ‘বড় বিএসসি’ এবং সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল হাফিজকে বলা হত ‘ছোট বিএসসি’। দুঃখজনক হলেও সত্য, দুই শিক্ষকই আজ আর আমাদের মাঝে নেই। তবে তাঁদের শিক্ষা, কর্ম ও স্মৃতি আজও অনেকের হৃদয়ে অমলিন হয়ে আছে।
২০১৯ সালে প্রিয় শিক্ষক ছোট বিএসসি হাফিজ স্যার পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমানো। দেখতে দেখতে তাঁর মৃত্যুর সাত বছর পূর্ণ হলো। সময়ের পরিক্রমায় স্যার আমাদের ছেড়ে চলে গেলেও তাঁর সঙ্গে কাটানো দিনগুলো, তাঁর স্নেহ, শাসন ও শিক্ষার স্মৃতি আজও হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। একজন শিক্ষকের প্রকৃত পরিচয় তাঁর পদবি কিংবা কর্মজীবনের মেয়াদে নয়,বরং শিক্ষার্থীদের জীবনে তিনি কতটা প্রভাব রেখে গেছেন, সেটিই বড় পরিচয়। সেই জায়গা থেকে হাফিজ বিএসসি স্যার আমার জীবনে একজন স্মরণীয় মানুষ।
আজ তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার প্রিয় শিক্ষককে। মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এ দোয়া সব সময় করি।

আপনার জেলার সংবাদ পড়তে