বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রোকেয়ার জন্মভিটা মিঠাপুকুরের পায়রাবন্দ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্মৃতি সংসদের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ ও আতাউর রহমানসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থানে রোকেয়ার আতুরঘরের ধ্বংসাবশেষ, মসজিদের খিলানসহ পারিবারিক কবরস্থান এখনও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোকেয়ার আদর্শ বাস্তবায়নে তার জন্মভিটায় গড়ে তোলেন ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র’। যেটি বাংলা একাডেমির তত্ত্বাবধানে একটি প্রকল্পের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সরকার এলেও প্রকল্পটির ভিশন, মিশনের লক্ষ্য বাস্তবায়ন হয়নি। পরে স্থানীয় অধিবাসীদের দাবির প্রেক্ষিতে বাংলা একাডেমি একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করে।
বক্তরা আরও বলেন, এই স্মৃতি কেন্দ্রের মাধ্যমে সারা দেশের নারীর উন্নয়নে নানামূখী প্রশিক্ষণের ব্যবস্থা করা, শুধুমাত্র নারীদের নিয়ে লেখা, লেখক, কর্ম প্রক্রিয়াগুলোকে নিয়ে একটি আধুনিক ডিজিটাল লাইব্রেরি তৈরি করা, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকসংস্কৃতির উপকরণ নিয়ে গবেষণা ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা, দ্বিপাক্ষিক সমঝোতায় ভারত থেকে বেগম রোকেয়ার দেহাবশেষ এনে তার জন্মভিটায় দাফন, রোকেয়া স্মৃতিকেন্দ্র, রোকেয়ার বাড়ি প্রত্নতত্ত্ব নিদর্শন, মসজিদ, কবরস্থান, স্কুল-কলেজের সমন্বয়ে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা ছিল। প্রকল্প গ্রহণের ১৫ থেকে ১৬ বছর পেরিয়ে গেলেও এটি বাস্তবায়ন হয়নি।
আন্দোলনকারীরা বলেন, এটি পরিকল্পনা কমিশনের সবুজ তালিকায় রয়েছে। অন্তর্র্বতী সরকারের আমলে ১’শ কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়নের কথা শোনা গিয়েছিল। কিন্তু পরে সেটি আর আলোর মুখ দেখেনি।
বক্তারা আরও বলেন, অবিলম্বে ‘বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র সংস্কার ও আধুনিকায়ন’ প্রকল্পটি বাস্তবায়ন না হলে পায়রাবন্দ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।