‘সমবায়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি রোববার (৮ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সভায় বক্তব্য দেন-রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, আম আড়তদার সমিতির সভাপতি নাসির উদ্দীন ও স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক নাসিরসহ অনেকে। সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।