নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ১৯ বছর পূর্তি উপলক্ষে চঁাদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১ নভেম্বর) বিকেলে চঁাদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। চঁাদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চঁাদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনীম জোহরা।
প্রধান অতিথির বক্তব্যে বিচারক তাসনীম জোহরা বলেন, “বিচার বিভাগ জনগণের অধিকার ও নিরাপত্তা লাভের শেষ আশ্রয়স্থল। বিচারপ্রার্থীদের আস্থার জায়গা হিসেবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে বিচারক ও আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।” পাশাপাশি দ্রুত বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বলেন, “আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া একটি সভ্য, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ সম্ভব নয়। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগের বিকল্প নেই। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নির্বাহী বিভাগ থেকে ম্যাজিস্ট্রেসি পৃথকীকরণ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক।”
আলোচনা সভায় বিচারকদের মধ্যে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামাল হোসেন, যুগ্ম জেলা জজ সামিউল আলম এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.শামসুল ইসলাম মন্টু এবং সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহসান হাবীব ও অ্যাড. এটিএম মোস্তফা কামাল প্রমুখ।