নোয়াখালীর সেনবাগে পারিবারিক বিরোধের জেরে ফাতেমা বেগম প্রকাশ প্রমী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। নিহত ফাতেমা বেগম উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের বদুর বাপের বাড়ির রবিন উদ্দিন রুবেলের স্ত্রী। রুবেল পেশায় একজন অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের ঘটনার পর নিজ বসতঘরে ফাতেমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। সেনবাগ থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।