গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে ১ নভেম্বর রোববার সকালে আলোচনা সভা, যুব র্যালি, যুব ঋণ এবং প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে যুব দিবসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক।
এ সময় যুব উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে যুব ঋণ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুব দিবস ২০২৬ উপলক্ষে এবছর জাতীয় ভাবে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি বড় আকারের চাকরি মেলা আয়োজন করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় দেশব্যাপী ১২ হাজার পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ ঘোষণা করা হয়েছে। আত্মকর্মসংস্থান ও যুব সংগঠনে বিশেষ অবদানের জন্য ১৪ জন সফল যুবক ও উদ্যোক্তাকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে।