কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:১১ পিএম
কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন জগতের প্রতিটি ক্ষেত্রে কন্যাশিশুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, নারী ও শিশুদের প্রতি সংঘটিত যেকোনো ধরনের সহিংসতা, ধর্ষণ কিংবা যৌন হয়রানির ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং এ ক্ষেত্রে অপরাধীদের প্রতি ‘জিরো টলারেন্স’ বা বিন্দুমাত্র ছাড় না দেওয়ার নীতি গ্রহণ করা জরুরি।

​সোমবার (১২ অক্টোবর ২০২৬) রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​কন্যাশিশুদের বিশ্বজয়ের পথ সুগম করতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সর্বস্তরের সামাজিক অংশগ্রহণ এবং মানুষের মানসিকতার আমূল পরিবর্তন।

​শিশুবিয়ে রোধে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বাল্যবিয়ে রোধে কার্যকর ভূমিকা রাখতে হলে দারিদ্র্য বিমোচন, অবৈতনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, উপবৃত্তি প্রদান এবং সামাজিক সুরক্ষা বলয় আরও জোরদার করতে হবে। এর পাশাপাশি জন্মনিবন্ধন কঠোরভাবে যাচাই এবং কন্যাশিশুদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

কুমিল্লার তাজমিন হত্যার প্রসঙ্গ টেনে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, সমাজ একদিকে যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়েও পড়ছি। সন্তানদের সঠিক লালন-পালন ও তাদের প্রতি বাড়তি খেয়াল রাখা অভিভাবকদের প্রধান দায়িত্ব। কুমিল্লার ওই ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, একটি মেয়ে তিন দিন ধরে বাসায় নেই, অথচ অভিভাবকদের মাঝে কোনো ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা দেখা গেল না—এটি কীভাবে সম্ভব?

​দেশের বর্তমান সামাজিক নিরাপত্তা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি আরও যোগ করেন, যখন স্কুলের সামনে মায়েরা রাস্তায় খবরের কাগজ বিছিয়ে সন্তানকে নিরাপদে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন, তখনই স্পষ্ট হয়ে যায় যে আমাদের সমাজ কতটা অনিরাপদ হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে