কুড়িগ্রামের ফুলবাড়ীতে অগ্রহায়ণ মাসের শুরু থেকেই বইছে হিম বাতাস। এতে বাড়তে শুরু করেছে ঠান্ডা। গত দুই দিন ধরে এখানে পূর্নাঙ্গ সুর্যের দেখা মিলছেনা। ফলে এ জনপদে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। হিম বাতাস ও রোদহীন পরিবেশে এখানকার ঠান্ডাকাতর মানুষরা রাতে বিছানায় শোয়ার সময় ব্যবহার করছেন লেপ, কাঁথা ও কম্বল। দিনের বেলা শরীরে জড়াচ্ছেন মোটা শীতের কাপড়। এখানে বেশি ঠান্ডার কাতর হয়ে পড়ছেন বয়স্ক ও শিশু শ্রেণির মানুষরা। এছাড়াও এখানে ঠান্ডার আগাম উপস্থিতিতে শিশু, বয়োবৃদ্ধসহ প্রায় সব বয়সের মানুষের মাঝে ঠান্ডা জনিত সর্দি,কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।স্থানীয় হাবীবপুর গ্রামের গৃহিণী অন্তরা রাত্রি জানান, ফুলবাড়ীতে দুইদিন থেকে সূর্যের দেখা নেই। তাতে আবার হিম বাতাসে ঠান্ডা নেমেছে। তারা ঠান্ডা কাতর হচ্ছেন। এ অবস্থায় তার শিশু বাচ্চাকে স্কুলে পাঠাতে বাচ্চাকে মোটা কাপড় পরিধানসহ সর্তকর্তা অবলম্বর করছেন তিনি। এ ব্যাপারে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ঘূণিঝড়ের প্রভাবে হিমালয় থেকে আসা হিমবাতাসে কুড়িগ্রামের জনপদে ঠান্ডাজনিত আবহাওয়া বিরাজ করছে। মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মিলছেনা। মঙ্গলবার (১৭) নভেম্বর এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। এই বিরূপ আবহাওয়া আরও তিন চারদিন স্থায়ী থাকবে বলেও জানান তিনি।