এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : বিজিবি ও থানা পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ঘোড়াঘাট এলাকায় বিজিবি’র নেতৃত্বে পঁচাশি লাখ টাকা মুল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শণ (কষ্টি/বেলে পাথরের শিলাখন্ড) উদ্ধারসহ একজন কে আটক করা হয়েছে। গত রোববার রাত দেড়টার সময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কঃ লতিফুল বারী এর নেতৃত্বে রংপুেরের পীরগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সীমান্তে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি তে জানানো হয়, বিশ্বস্ত স্থানীয় সোর্স হতে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ উপজেলা ও ঘোড়াঘাট সীমানা এলাকার চতরা বাজারের পাশে জনমানব থেকে বিচ্ছিন্ন একটি টিনের তৈরি ঘরে কষ্টি পাথরের মূর্তি এবং বেলে পাথরের সন্ধান ও অবস্থান নিশ্চিত করা যায়। এ প্রেক্ষিতে ১৬ নভেম্বর রাত আনুমানিক দেড় টার সময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কঃ লতিফুল বারী এর নেতৃতে ৩০ সদস্যের (০২ জন নারী সৈনিকসহ) টহল দল এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি টহলদলের সমন্বয়ে “বিশেষ যৌথ অভিযান” পরিচালনা করে পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে মোমিন ইসলাম (৪৪) কে আটক করা হয় এবং ১ টি ৯০ কে.জি. ওজনের বেলে পাথরের শিলাখন্ডাংশ, ছোট ২০ কে.জি. ওজনের ১ টি কষ্টি পাথরের খন্ডাংশ এবং ২০ কে.জি. ওজনের ১ টি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৮৫,০০,০০০/- (পঁচাশি লক্ষ্য) টাকা। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কঃ লতিফুল বারী জানান, আটককৃত আসামির মেডিকেল সমাপান্তে সার্টিফিকেট সংগ্রহ করতঃ পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বৌদ্ধ বিহার পাহাড়পুর, বদলগাছি, নওগাঁ এর কর্তৃপক্ষের নিকট নিয়ে যাওয়া সাপেক্ষে প্রত্নতাত্ত্বিক সঠিকতা সার্টিফিকেট/যাচাই সনদ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ ধরেণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।