নাটোরের লালপুরে পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সক্রিয় কর্মী ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার আবেদ মোড় বাজার থেকে আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল হোসেনকে এবং আগের দিন রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চংধুপইল ইউনিয়নের শোভ ঠাকুরপাড়া গ্রাম থেকে ইয়াবাসহ রাহান আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত উজ্জ্বল হোসেন (৩৩) উপজেলার রামকান্তপুর গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুর থানা পুলিশের একটি দল আবেদ মোড় বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গত ১৩ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু তাহের সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল শোভ ঠাকুরপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির টিনশেড ঘর থেকে রাহান আলী (২৭) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে। পরে তাঁর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাহান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক দুই মামলায় গ্রেপ্তার দুজনকেই সোমবার (১৬ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এক আসামি এবং ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।