নওগাঁর মান্দায় ‘থ্রাইভিং থ্রো ইকুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)’ প্রকল্পের বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং হেক্স-ইপারের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবড়া হেমলিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানি পাল।
এ ছাড়া ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার খৃষ্টীনা বেশরা, অ্যাডভোকেসি অফিসার আনোয়ার হোসেন ও মনিটরিং অফিসার আলতাফ হোসেন সভায় উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
সভায় প্রকল্পের আওতায় পরিচালিত বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন এবং সেগুলোর বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।