নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ এক বহিষ্কৃত যুবদল নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে। এরা হলেন, উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ার মৃত প্রদীপ কুমার দেবের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (২৮), সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ের মৃত আবুল কালামের ছেলে উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৩) ও তাদের সহযোগী ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে নাসির উদ্দিন (৫৮)। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে রুহুল আমিনের বাড়ি সংলগ্ন বয়লারে মাদক সেবনরত অবস্থায় মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম অভিযান চালিয়ে তাদের আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যান।
মোবাইল কোর্ট সূত্র জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক তাদের প্রত্যেকের ১১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।
এসআই শফিউল ইসলাম জানান, তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেইসাথে ছাত্রলীগ সাধারণ সম্পাদক তনু কুমার দেবকে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে।
উল্লেখ্য, তনু কুমার দেব ফ্যাসিস্ট আমলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ব্যাপক এক্টিভিজম চালিয়ে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসায়, দখল, নিগো বাণিজ্য ও থানার দালালীতে জড়িয়ে পড়ে। আন্দোলনের সময় বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীদের শনাক্ত করে তাদের ধরিয় দিতে ছিল তৎপর। ৫ আগস্টের পর পালিয়ে থাকলেও তার ফেসবুক আইডিতে সক্রিয় ছিল সবসময়। সে এলাকায় সক্রিয় থাকলেও একটি গ্রুপের সমর্থনে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করার উদ্যোগ নেয়নি।
অপরদিকে ফ্যাসিস্ট আমলে নিজের বয়লারে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের ছেলে সাকলাইন মাহমুদ রকির মদদে নিয়মিত মাদক ও নারীর আসর বসানো, টর্চার সেল পরিচালনা করে বিভিন্ন নারী-পুরুষকে আটকে রেখে মারপিট করে চাঁদা আদায় প্রভৃতি অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন রুহুল আমিন। সংবাদ মাধ্যমে সেসময় এসব তথ্য প্রচার হলে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর তদানীন্তন র্যাব তাকে আটক করে। এরপর উপজেলা যুবদলের পদ থেকে তাকে বহিষ্কাার করা হয়।