সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, ব্যাখ্যা দিলেন কোচিং মালিক

মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ পিএম
সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, ব্যাখ্যা দিলেন কোচিং মালিক
ছবি: FNS

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে একটি কোচিং সেন্টারের মালিকের মাধ্যমে ৪৯ লাখ টাকা স্থানান্তরের ঘটনায় নতুন ব্যাখ্যা দিয়েছেন নিউরন কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তার দাবি, নারী সার্জেন্ট সাবিহা আক্তার ও তার সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ-পরবর্তী সমঝোতার অংশ হিসেবে ওই অর্থ লেনদেন হয়েছিল। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে স্বীকার করেছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগরের চণ্ডীপুর কদমতলা মোড় এলাকায় নিউরন কোচিং সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইফুল ইসলাম। এ সময় অর্থ লেনদেনের পক্ষে বিভিন্ন কাগজপত্র ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেন তিনি।
সাইফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ হয়। তালাকনামায় দুজনের স্বাক্ষর রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বিবাহবিচ্ছেদের সময় দেনমোহর বাবদ দুই লাখ টাকা নির্ধারিত থাকলেও পরে ৫০ লাখ টাকায় সমঝোতা হয়।
সাইফুল ইসলাম বলেন, সমঝোতার দিন মাহবুব আলমের কয়েকটি এফডিআর ভাঙানো হয়। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে মোট ৫০ লাখ টাকা জোগাড় করা হয়। এ সময় সাবিহা, মাহবুব ও তিনি নিজে উপস্থিত ছিলেন। সাক্ষী হিসেবে ছিলেন নিউরন নার্সিং কোচিং সেন্টারের কর্মী শোয়েব হুসাইন শান্ত।
সাইফুলের দাবি, সাবিহা ও মাহবুব দুজনই সরকারি চাকরিতে থাকায় নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন করলে ভবিষ্যতে আইনগত জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিলেন। এ কারণে তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়। বন্ধুত্ব ও মানবিক বিবেচনায় তিনি এতে সম্মতি দেন। পরে তাঁর ব্যাংক হিসাব থেকে সাবিহার হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। বাকি এক লাখ টাকা সরাসরি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, পারিবারিক বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত সমঝোতার এত বড় অঙ্কের অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা তাঁর ঠিক হয়নি। এজন্য তিনি অনুতপ্ত। পুরো লেনদেনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের পাশাপাশি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে