আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ, উঠান, বৈঠক এবং সভা-সমাবেশ। এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যা রাতে উক্ত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ খান রতন মাস্টারের এক বিশাল নির্বাচনি সভা ইউনিয়নের বোনকোলা হাজীর বাজারে অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের নিজগ্রাম বোনকোলার সর্বস্তরের জনগণ ছাড়াও আশপাশের গ্রামের বিপুল সংখ্যক জনগণ অংশ নেন। সভায় উপস্থিত সর্বস্তরের জনগণের উদ্দেশে রতন মাস্টার বলেন আমি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হিসেবে আপনাদের পাশে থাকবো। সেই সঙ্গে দীর্ঘদিন সুখে-দুখে যেভাবে আপনাদের পাশে আছি চেয়ারম্যান নির্বাচিত হলেও ঠিক একই ভাবে পাশে থাকবো। শুধু তাই নয়, বরং চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের প্রতি আমার দায়িত্ব-কর্তব্য আরও অনেক গুণে বেড়ে যাবে। তিনি আরও বলেন আমি নির্বাচিত হলে চেয়ারম্যান হিসেবে নয়, আগের মতই আপনারা আমাকে আপনাদের প্রিয় রতন মাস্টার হিসেবে পাশে পাবেন। বোনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন মোঃ ইসমাইল হোসেন খান, মোঃ রাইচ উদ্দিন খান, আবুল কাশেম শেখ, ডাক্তার আব্দুল আউয়াল বাবু, মাওলানা শামসে তাবরিজ তাঁবু ও আজিবর মিলিটারি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সিরাজুল ইসলাম মিন্টু।