নোয়াখালীর সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল মালেক। ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি আগামী দুই বছরের জন্য আমির নির্বাচিত হন। মাওলানা আবদুল মালেক এর আগে সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির এবং সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ি আমির মাওলানা ইয়াছিন করিমের স্থলাভিষিক্ত হয়েছেন। অন্যদিকে, বিদায়ি আমির মাওলানা ইয়াছিন করিম নোয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষ্যে রবিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামি সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে ২০২৭-২০২৮ সেশনের উপজেলা আমির নির্বাচন উপলক্ষ্যে সেনবাগ পৌরসভার আয়োজন কমিউনিটি সেন্টারে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ সাহাব উদ্দিন, সেনবাগ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ইয়াছিন করিমসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রুকনদের প্রত্যক্ষ ভোটে নতুন আমির নির্বাচনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম সম্পন্ন হয়।