চাঁদপুরে ১৮১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান গাজি গ্রেপ্তার

এফএনএস | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০১:১৯ পিএম
চাঁদপুরে ১৮১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান গাজি গ্রেপ্তার
ছবি: FNS

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান গাজীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা পরিচালনা করে আসা এই ব্যক্তির গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে স্থানীয় সাধারণ মানুষের মাঝে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই নাজমুল ও এএসআই সুমনের নেতৃত্বে গঠিত একটি দল সঙ্গীয় ফোর্সসহ শনিবার লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর শাহী মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে শাহজাহান গাজীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, শাহজাহান গাজি দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে গাঁজা, ইয়াবাসহ নানা ধরনের মাদকের অবৈধ কেনাবেচা ও সরবরাহ চালিয়ে আসছিলেন। তাকে ধরতে এর আগেও পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে। ওই সময় তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, শাহজাহান গাজীর মাধ্যমে লক্ষ্মীপুর ইউনিয়ন ও এর আশপাশের এলাকায় মাদক ছড়িয়ে পড়ত। পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

চিহ্নিত এই মাদক ব্যবসায়ীর আটকের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকাবাসীর দাবি, শুধু শাহজাহান গাজি একা নন, এই মাদকের সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্য সহযোগীদেরও দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

আপনার জেলার সংবাদ পড়তে