চাঁদপুর সরকারি কলেজ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

ভালো ফলাফলের পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হতে হবে: এমপি মানিক

মিজানুর রহমান; চাঁদপুর: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৮:২১ পিএম
ভালো ফলাফলের পাশাপাশি দেশপ্রেমিক নাগরিক হতে হবে: এমপি মানিক
ছবি: FNS

চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, "শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আজ যারা জিপিএ-৫ অর্জন করেছ, এটি তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। তবে এই সাফল্যই জীবনের শেষ অর্জন নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার একটি নতুন ধাপ মাত্র।"
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে অর্জিত জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞান, আধুনিক শিক্ষা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো অপরিহার্য।"
চাঁদপুর সরকারি কলেজকে এই অঞ্চলের উচ্চশিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ উল্লেখ করে তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেÑএটাই সবার প্রত্যাশা। শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অসামান্য অবদান রয়েছে স্মরণ করিয়ে দিয়ে তিনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞ থাকার পরামর্শ দেন। একইসঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতিটি ধাপে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আবদুল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী জাহিদুল ইসলাম নিহাল এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত।
কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আলমগির হোসেন বাহার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কুদ্দুস সানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান এবং গীতা থেকে পাঠ করেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অঙ্কন মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজি, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।

আপনার জেলার সংবাদ পড়তে