ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৫ পিএম
ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: FNS

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্প এলাকাগুলোতে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোতায়েনকৃত এই বাহিনীর সদস্যরা তিনটি জেলার নির্দিষ্ট শিল্পাঞ্চলগুলোতে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হয়েছে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায়। এই দুই শিল্পাঞ্চলে ১৮ প্লাটুন বিজিবি টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

অন্যদিকে, গাজীপুরের শিল্প এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মাঠে রয়েছেন। তারা জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ এবং সালনা এলাকার কারখানা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ এবং শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

মাঠপর্যায়ে নিয়োজিত বিজিবি সদস্যরা স্থানীয় বেসামরিক প্রশাসন এবং পুলিশ বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে কাজ করছেন। শিল্পাঞ্চলের উৎপাদন পরিবেশ নির্বিঘ্ন রাখতে এবং শ্রমিক-মালিকসহ সবার জানমালের নিরাপত্তায় তারা সার্বক্ষণিক টহল ও তদারকি চালাচ্ছেন।

পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ কার্যক্রমের আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সংগ্রহ করা সরাসরি বা লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

গাজীপুরে ২৯ কারখানা ছুটি ঘোষণা

এদিকে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে রবিবার (১৫ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার ২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শনিবার (১৪ নভেম্বর) রাতেই ১৩টি কারখানার কর্তৃপক্ষ কর্মীদের রবিবার থেকে কারখানা ছুটির সিদ্ধান্ত জানিয়ে দেয়।

শ্রম আইনের ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাঁখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাঁখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন এবং এরকম বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাম হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে তাদের ‘হটিয়ে’ দেওয়া হয়। গতকাল রাতে (শনিবার রাত) ১৩টা কারখানায় বলে দিয়েছিল, রবিবার থেকে কারখানা ছুটি থাকবে। সকালে আরও ১৬টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে