তীব্র জনবল ঘাটতি নিয়েই চলছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রায় ২০ ভাগ অনুমোদিত পদ শূন্য নিয়েই মন্ত্রণালয়টি কার্যক্রম চালাচ্ছে। অথচ এ মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও জনবল কাঠামো হালনাগাদের মূল চালিকাশক্তি। কিন্তু জনবলের অভাবে মন্ত্রণালয়ের একেকজনকে একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। তাতে অনেক কাজেই ব্যাঘাত ঘটছে। এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত এ সংকট কাটানোর উদ্যোগ নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, অনুমোদিত ৬২৯টি পদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাঁকা বর্তমানে ১২৪টি পদ। ফলে ব্যাহত হচ্ছে মন্ত্রণালয়ের দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কাজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ক্যাডার পর্যায়ে শূন্য পদ সবচেয়ে বেশি খালি। যা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। বর্তমানে ১৫৪ জন ক্যাডার কর্মকর্তার বিপরীতে মাত্র ৯০ জন কর্মরত আছে। ৬৪টি ক্যাডার পদই ফাঁকা। ফলে একেক কর্মকর্তার কাঁধে একাধিক দায়িত্ব চাপছে। আর শূন্য পদে ১১ থেকে ১৬ গ্রেডে দ্বিতীয় অবস্থানে আছে। সে গ্রেডগুলোতে ৩৩টি পদ শূন্য রয়েছে। মোট ১৭১টি অনুমোদিত পদের বিপরীতে ১৩৮ জন কর্মরত আছেন। তাছাড়া দশম গ্রেডে ১৪৬টি অনুমোদিত পদের বিপরীতে ১৩০ জন কর্মরত থাকায় ১৬টি পদই ফাঁকা। যদিও ১৭ থেকে ২০ গ্রেডের মধ্যেসবচেয়ে কম শূন্য পদ রয়েছে। ওই গ্রেডের অনুমোদিত ১৫৮ পদের মধ্যে ১৪৭ জন কর্মরত থাকলেও ১১টি পদ শূন্য রয়েছে।
সূত্র জানায়, সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবলের ঘাটতি পূরণে পরিকল্পনা ধরে এগুচ্ছে। ইতিমধ্যে অনেক পদ পূরণ হয়েছে। বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ওই সময়ে ২ হাজার ৬১টি পদ পূরণ হয়েছে। আর নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০২৬-২৭ অর্থবছরে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এবং মাঠ প্রশাসনে ৪ হাজার ৪৫৯টি শূন্য পদে নিয়োগ দিতে চায়। ইতিমধ্যে জনবল নিয়োগে ১৮০ দিনের লক্ষ্যমাত্রার অনেকটাই পূরণ হয়েছে। মন্ত্রণালয়ের বাকি শূন্য পদগুলোও দ্রুত পূরণের উদ্যোগ নেয়া হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের সরকারি দপ্তরগুলোর শূন্য পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চালাচ্ছে সরকার।
সূত্র আরও জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেকোনো শূন্য পদ দ্রুত পূরণ করা জরুরি। এখনও সরকারি বিভিন্ন দপ্তরে অনেক পদ ফাঁকা রয়েছে। যদিও সরকার ইতিমধ্যে নিয়োগের উদ্যোগ নিয়েছে। তবে ওসব নিয়োগ দ্রুত হওয়া দরকার। তাতে বেকারত্ব কমবে আর অন্যদিকে চাকরির মাধ্যমে অনেকগুলো পরিবার উপকৃত হবে। প্রশাসনে শূন্য পদ থাকলে অন্য কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ে।
এদিকে এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানান, সরকার সব সরকারি প্রতিষ্ঠানেই জনবল নিয়োগের ওপর জোর দিয়েছে। তবে তা নিয়ে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা রয়েছে।