গাজীপুরের টঙ্গীতে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অর্থ আত্মসাৎ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
শনিবার বিকেলে টঙ্গীর মিলগেইট এলাকায় সমিতির নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। বহিষ্কৃত দুই নেতা হলেন-সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন।
লিখিত বক্তব্যে সভাপতি বলেন, অভিযুক্ত দুই নেতা সংগঠনের সদস্য বানানোর কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাৎ করেছেন। নিজেদের সাংগঠনিক হিসাব-নিকাশ বুঝিয়ে দিতে তারা ব্যর্থ হয়েছেন। এজন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জবাব দেননি। পরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান নেতৃত্ব নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগেরও জবাব দেন সভাপতি। তিনি দাবি করেন, সংগঠনের গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ গঠন বাধ্যতামূলক নয়। কার্যকরী পরিষদ প্রয়োজনে সর্বসম্মত সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদ বা যে-কোনো উপ-কমিটি গঠন কিংবা বাতিল করতে পারেন।
সভাপতির পদের বৈধতা নিয়ে ওঠা অভিযোগ নাকচ করে তিনি বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুজ্জামান শিমুল তাঁর দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন এবং উভয় পক্ষের সম্মতিতে আপসনামা স্বাক্ষরিত হয়েছে। তাই এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। এ ছাড়া মাসিক সদস্য চাঁদা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার সিদ্ধান্ত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
আইনবিষয়ক সম্পাদক হিসেবে তোফাজ্জল হোসেনের নিয়োগ নিয়েও ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন সভাপতি। তিনি দাবি করেন, কার্যকরি পরিষদের যে সভায় তোফাজ্জল হোসেনকে আইনবিষয়ক সম্পাদক পদে যুক্ত করার সিদ্ধান্ত হয় সেখানে অভিযোগকারী শাহাদাৎ হোসেন ও ইউসুফ হোসেন নিজেরাই সর্বসম্মতভাবে সম্মতি দিয়েছিলেন এবং রেজুলেশনে তাদের স্বাক্ষর রয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নীল মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল গাফফার সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে সমিতির বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এঘটনায় আমার নামে কোনো লিখিত অভিযোগ নেই। এছাড়াও সমিতির অর্থ আত্মসাতের ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত নই।