গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় তৃণমূল সমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রসিদ মামুন মনোনীত হয়েছেন। ১৪ নভেম্বর শনিবার ঘাগটিয়া চালাস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত দিনব্যাপী বর্ধিত সভা শেষে কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে সমর্থন জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাপাসিয়া উপজেলা বিএনপির সিদ্ধান্তে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে তৃণমূল নেতাকর্মীদের সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইতিপূর্বে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির দু'জন আলোচিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় ছিলেন। একজন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশীদ নয়ন এবং অপরজন ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রসিদ মামুন। দীর্ঘদিনের সকল জল্পনা কল্পনা শেষে কাউন্সিলরদের গোপন ভোটে নির্বাচিত হয়েছেন মামুনুর রসিদ মামুন (৪৫৫)। ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫'শ ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রয়োগে ত্রুটির জন্য ৩ টি ভোট বাতিল হয়। মোট ভোটার ছিলো ৭'শ ৪০ জন।
ভোটের ফলাফল বা মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। সিদ্ধান্ত অমান্য করে ভোটের সময় অন্যদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করবেন, তৃণমূল তা বরদাস্ত করবে না। বিগত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তৃণমূল নেতাকর্মীরা হলো বিএনপির চালিকা শক্তি। দল বা কোনো নেতৃবৃন্দ দায় নিবে না বলেই এ কাউন্সিল। এতে নেতৃবৃন্দদের মতের প্রতিফলন ঘটেছে। আমড়া আশা করবো সকলেই তৃণমূলের শান্তিপূর্ণ রায় মেনে নিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কার্যকর ভূমিকা রাখবেন।আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্'র প্রিয় জন্মভূমি ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোনো মূল্যে আমাদের বিজয়ী হতে । তাই সকল পর্যায়ের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অবস্থানে থেকে দলের প্রতি বিগত দিনের দায় শোধ করবেন বলে আমি আশাবাদী।
বর্ধিত সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।