মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার পর গণজোয়ার দেখে নিজ দলের কতিপয় সম্ভাব্য প্রার্থীর রোষানলে পরেছেন বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে গৌরনদী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে দীর্ঘদিন থেকে মাঠপর্যায়ে কাজ করে আসছেন।
অনুসন্ধানে জানা গেছে, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু ১৩ নভেম্বর দিবাগত রাত নয়টার দিকে উপজেলা গেট সংলগ্ন উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদের আমন্ত্রণে তার বাসায় যান। বাসায় গিয়ে ওই নেত্রীর ছেলের সাথে কথা বলার একপর্যায়ে বাহির থেকে তালা লাগিয়ে দেয় ছাত্র ও যুবদলের একাংশের কর্মীরা। পরবর্তীতে বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি দিয়ে ছড়িয়ে দিয়ে তার (মিন্টু) চরিত্রহননের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেছেন বদিউজ্জামান মিন্টুর সমর্থকরা।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, ওই বাসায় গিয়ে নেত্রীর ছেলের সাথে বসে কথা বলছিলাম। তখনও আমি জানতাম না বাহির থেকে কেউ তালা লাগিয়ে দিয়েছে। পরবর্তীতে আমার নাম্বারে কয়েকটি ফোন আসলে বিষয়টি জানতে পারি। পরে আমি আমার ছেলেদের ফোন দিয়ে বিষয়টি জানানোর পর আমার দুই ছেলে ঘটনাস্থলে এসে তালা ভেঙ্গে আমাকে উদ্ধার করে।
অভিযোগ করে বদিউজ্জামান মিন্টু বলেন, বিগত কয়েকমাস পূর্বে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে একটি দলীয় অনুষ্ঠানে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণের জন্য আমি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলাম। এরপর থেকেই বিভিন্ন দল থেকে বিএনপির রাজনৈতিক ব্যানারে আসা সম্ভ্যাব্য দুইজন প্রার্থী ও তাদের সমর্থকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মাঠপর্যায়ে তারা আমার গণজোয়ার দেখে দিশেহারা হয়ে চরিত্রহননের চেষ্টা করছে। তবে সম্ভ্যাব্য ওই দুই প্রার্থীর নাম না বললেও বদিউজ্জামান মিন্টু বলেন, এ ঘটনায় শনিবার দিবাগত রাতে থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, আমড়া যতদুর জানতে পেরেছি ওই বাসায় দাওয়াতে গিয়েছিলেন বদিউজ্জামান মিন্টু। তাছাড়া বদিউজ্জামান মিন্টু ও তানিয়া মাহমুদের পরিবারের সাথে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন-অবস্থা এমন যে-কোনো আত্মীয় কিংবা ঘনিষ্ঠজনের বাসায় দাওয়াতে যাওয়ারও সুযোগ নেই। সেখানে গেলেই তার চরিত্র হনন করা হবে। তীব্র ক্ষোভ প্রকাশ করে সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, দলের দুর্দীনের ত্যাগী ও নির্যাতিত নেতা বদিউজ্জামান মিন্টুর সাথে যারা এই আচরণ করেছে তারা ছাত্র কিংবা যুবদলের কেউ হলে তাদেরকে চিহ্নিত করে শীঘ্রই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।