বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত দামোদরকাঠী গ্রামের আনোয়ারিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে ঘটেছে এমন ব্যতিক্রমী ঘটনা।
শনিবার দামোদরকাঠী যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো. আলী সুজা। অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শেষে তিনি নিজেই ব্যাট হাতে মাঠে নামেন। ব্যাট-বলের খেলায় অংশ নিয়ে নিজের ক্রিকেট দক্ষতার পরিচয় দেন। তাঁর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
খেলার একপর্যায়ে শৈশবের স্মৃতিচারণাও করেন ইউএনও মো. আলী সুজা। ছোটবেলায় খেলাধুলার নানা স্মৃতি মনে করে তিনি যেন ফিরে যান জীবনের সেই আনন্দময় সময়ে। একজন প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে ক্রিকেট খেলতে দেখে দর্শকদের মধ্যেও দেখা যায় বাড়তি উৎসাহ।
সূত্রমতে, ১৬ টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। দৃষ্টিনন্দন আলোকসজ্জা, মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রতিদ্বন্দিতায় প্রত্যন্ত গ্রামের মাঠটি যেন রূপ নিয়েছে এক উৎসবমুখর ক্রিকেট স্টেডিয়ামে।
আয়োজকদের এমন উদ্যোগে শুধু ক্রিকেট প্রতিযোগিতাই নয়, তৈরি হয়েছে বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলা। খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা, সামাজিক সম্প্রীতি ও গ্রামীণ বিনোদনের নতুন পরিবেশ সৃষ্টির এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।