রাজধানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে লাগা আগুনে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি টিনের ঘর ও একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আজ রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম শাহরিয়ার রহমান শুভ্র (১৯)। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মো. মনির হোসেনের ছেলে। শুভ্র টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া ঘরে থাকতেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে তাঁরা আগুনের সংবাদ পান। ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।