টঙ্গীতে পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের লাশ

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০১:০৮ এএম
টঙ্গীতে পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের লাশ
ছবি: FNS

গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড়ের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ।

শনিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের মিত্তিবাড়ী বটতলা এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন ময়লার ভাগাড় সংলগ্ন ডোবার মধ্যে নবজাতকটির লাশ পড়ে থাকতে দেখেন।পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই রোকন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

নবজাতকের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ আরিফুর রহমান বলেন, নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে