কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের দৌলতপুরের বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নাম উল্লেখ করা ব্যক্তিরা হচ্ছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মোঃহৃদয়, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রসিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার তার গ্রামের বাড়ির একটি পুরোনো টিনশেড ঘরে আগুন লাগে। সংসদ সদস্যের পরিবারের অভিযোগ, সন্ত্রাসী আওয়ামী লীগ ও সংগঠনের লোকজন পেট্রোল বোমা নিক্ষেপ করে এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে মামলার আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে জোরালো অভিযোগ করেছেন নুসরাত তাবাসুম। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত, সংসদ সদস্যের বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং দলটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম সুনির্দিষ্ট অভিযোগ তুলে বলেন, “নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামীগের লোকজন এ হামলা করেছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, পেট্রোল বোমা না বৈদ্যুতিক শক সার্কিট থেকে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে তদন্ত চলমান। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় অবস্থানরত কুষ্টিয়া ১ দৌলতপুর আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ দিকে এ ঘটনায় শুক্রবার দুপুরে সিআইডির ফরেন্সিক টীম সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসুমের দৌলতপুরের বাগোয়ান গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।