কালিহাতীতে

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ

এফএনএস; টাঙ্গাইল: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০২:৪২ পিএম
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পরিবারের ওপর হামলার অভিযোগ
ছবি: FNS

টাঙ্গাইলের কালিহাতীতে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল হিমুর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সাংবাদিক জুয়েল হিমু দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। প্রকাশিত সংবাদে আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা পরিচালনার ফলে পরিবেশদূষণ, দুর্গন্ধ ও জনস্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়।
সাংবাদিকের পরিবারের অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে কারখানা কর্তৃপক্ষের লোকজন তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক জুয়েল হিমুর বাবার ওপর কারখানার শ্রমিক বক্স ও রেনু বেগম হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের পরিবারের ওপর এমন হামলার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক জুয়েল হিমু ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কালিহাতী থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে