নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান

দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা আলমগীরের পাশে সমাজ উন্নয়ন সংস্থা

মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০১:৩১ পিএম
দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা আলমগীরের পাশে সমাজ উন্নয়ন সংস্থা
ছবি: FNS

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা অসহায় অটোচালক আলমগির হোসেনের পাশে দাঁড়িয়েছে 'গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা'।
মানবিক সহায়তার অংশ হিসেবে তাঁর হাতে নগদ অর্থ এবং পরিবারের জন্য এক মাসের প্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
ভুক্তভোগী আলমগির হোসেন, উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা। তিনি একসময় অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করায় বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারছেন না। উপার্জন বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর দিন কাটছে তাঁর।
এমন দুর্দশার খবর পেয়ে অসহায় আলমগীরের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা। সংগঠনটির পক্ষ থেকে তাঁর হাতে নগদ অর্থসহ এক মাসের চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনটির এমন মানবিক উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সহায়তা প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই আলমগীরের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও তাঁদের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে