গজারিয়ায় বাড়ছে সামাজিক অস্থিরতামুন্সীগঞ্জ, এক মাসে ৩০ সংঘর্ষ

মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০২:৩৪ পিএম
গজারিয়ায় বাড়ছে সামাজিক অস্থিরতামুন্সীগঞ্জ, এক মাসে ৩০ সংঘর্ষ
ছবি: FNS

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে সামাজিক অস্থিরতা ও সহিংসতা। আধিপত্য বিস্তার, জমিজমা নিয়ে বিরোধ কিংবা নিছক তুচ্ছ ঘটনাÑকারণ যা-ই হোক না কেন, সামান্য বিষয়কে কেন্দ্র করেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ছে স্থানীয়রা।গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৫ থেকে ৩০টি সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে, যা ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।
রক্তক্ষয়ী সংঘর্ষের চিত্র
অনুসন্ধানে জানা গেছে, গত এক মাসে গজারিয়ার আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটে যাওয়া এসব সংঘর্ষে নারী, পুরুষ ও বৃদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সাম্প্রতিক কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়
২৯ অক্টোবর (টেংগারচর): দুই ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ পাঁচজন গুরুতর আহত হন।
২৯ অক্টোবর (বাউশিয়া): একই রাতে বাড়ির সীমানা বিরোধের জেরে হামলায় ক্যানসারে আক্রান্ত এক নারীসহ একই পরিবারের চারজন আহত হন।
২১ অক্টোবর: শিশুদের বালু ছোড়াছুড়ি নিয়ে সৃষ্ট সামান্য বিরোধের জেরে হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হন এক প্রবীণ ব্যাংক কর্মচারী।
থানার খাতায় মামলার সংখ্যা কম
এক মাসে প্রায় ৩০টি বড় ধরনের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটলেও গজারিয়া থানার নথিতে এ সংক্রান্ত মামলা হয়েছে মাত্র ৯টি।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অধিকাংশ ঘটনাই আইনি প্রক্রিয়ায় না গিয়ে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে সালিশ-মীমাংসার নামে ধামাচাপা দেওয়া হয়।
সচেতন মহলের উদ্বেগ স্থানীয়দের মতে, আধিপত্য বিস্তার, পুরোনো শত্রুতা, বাড়ির সীমানা বা ছোটখাটো পারিবারিক বিরোধÑসব কিছুতেই এখন আইনের আশ্রয় নেওয়ার চেয়ে পেশিশক্তি প্রদর্শনের প্রবণতা বেড়েছে।
ফলে উপজেলার আটটি ইউনিয়নের ১০৩টি গ্রামেই এখন এক ধরনের চাঁপা উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং বিচারহীনতার সংস্কৃতি এই অস্থিরতাকে আরও উসকে দিচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনরা।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম জানান, অনেক ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করে স্থানীয়ভাবে মীমাংসা করে ফেলেন। তবে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সজাগ ও তৎপর রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে