মোল্লাহাটে নারী উন্নয়ন সংস্থার সভা, অংশ নেন ১,৬০০ নারী

এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম
মোল্লাহাটে নারী উন্নয়ন সংস্থার সভা, অংশ নেন ১,৬০০ নারী
ছবি: FNS

বাগেরহাটের মোল্লাহাটে আটজুড়ী ও কোদালিয়া নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক অর্জন, শিখন ও দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্থার ৭৬টি সঞ্চয় দলের ১ হাজার ৬০০ নারী সদস্য অংশগ্রহণ করেন। ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফের দিকনির্দেশনা এবং ব্যাপ্টিস্ট ওয়ার্ল্ড এইড ও অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে এ সভা বাস্তবায়িত হয়। সভায় আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের নারী উন্নয়ন সংস্থার সদস্যদের বার্ষিক অর্জন ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং টেকসই উন্নয়নে নারী উন্নয়ন সংস্থার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঞ্চয় কার্যক্রমের মাধ্যমে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে।
এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ছয়জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে ভালো ফলাফলের জন্য উৎসাহিত করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, কোদালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিকু বিশ্বাস, আটজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নান্নু প্রমুখ। এছাড়া ব্যাপ্টিস্ট এইডের এমসিএইচডিপি প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অফিসার ডেভিড স্বপন সাহা, লাইভলিহুড সুপারভাইজার যোহন বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে