ঝিনাইদহ কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টাকালে ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ কোটচাদপুর সড়কের কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পেট্রোল,দুটি টায়ার ও দুটি মোটর সাইকেল উদ্ধার করেছে। আটকরা হলেন কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম,তার সহদর ভাই জাহিদুল ইসলাম ও পাইকপাড়া গ্রামের সুকুমারের ছেলে চঞ্চল কুমার। স্থানীয়রা বলছেন, রাত সাড়ে ৯টার দিকে কারীগঞ্জ কোটচাদপুর সড়কের কাশিপুর আব্দুর রসিদ খোকন মিয়ার ইটভাটার কাছে ছাত্রলীগের ২০/২২ জন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করে। এসময় তারা স্লোগান দিলে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এসময় ছাত্রলীগের কয়েকজন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় ও ৩ জনকে আটক করে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। তাদের আনুমানিক বয়স ১৯-২২ বছর। ঘটনাস্থল থেকে ২টি টায়ার, ২ টি মটর সাইকেল, ২ বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে।