যশোরের চৌগাছা শহরের প্রধান সড়কগুলো দখল করে গড়ে ওঠা দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করেছে চৌগাছা পৌরসভা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যশোর বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের দুই পাশের দোকানের বর্ধিত অংশ অপসারণ করা হয়। এ ছাড়া প্রেসক্লাব মোড়ের সড়কের ওপর থাকা যাত্রীবাহী বাসের অস্থায়ী টিকিট কাউন্টার ও চটপটির দোকানসহ শহরের বিভিন্ন সড়কের ওপর গড়ে ওঠা স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযানকালে সড়কের ওপর দোকান বসানো ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে সড়ক দখল করে দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন।
পৌর প্রশাসক (সহকারী কমিশনার ভুমি) জি,এম, এ, মুনিব, বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি বাবুল হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার,পৌর জামাতের সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমান, পৌর বিএনপির সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।