লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের ঘোষণা

এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ পিএম
লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের ঘোষণা
ছবি: FNS

‘লালপুরের মাটিতে যুবলীগ-ছাত্রলীগের কোনো স্থান হবে না, যেখানে তাদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে’—এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নাটোরের লালপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তাঁরা এ ঘোষণা দেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল, গোপালপুর পৌর যুবদল ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রসিদ পাপ্পু এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু।
এ সময় সাবেক ছাত্রনেতা ফিরোজ উদ্দিন, উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুবদল নেতা মিরাজুল ইসলাম, লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, হাবিবুল বাশার ও মিন্টু রহমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। লালপুরে এসব সংগঠনের কোনো ধরনের তৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না। তাদের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে