রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী মাড়িয়া-জমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলীর বিরুদ্ধে একটি মহলের অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবিÑব্যক্তিগত ও অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু করেছে। এমনকি গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে বিদ্যালয়টির সুনাম ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করানো হচ্ছে, যা নিয়ে স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহলের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ১৯৯১ সালে গ্রামবাসীদের সহযোগিতায় ৩৫ শতক জমির ওপর মাড়িয়া-জমসেরপুর প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন আলহাজ্ব ইয়াসিন আলী। বর্তমানে ৫ জন দক্ষ শিক্ষক ও ৮০ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি প্রায় ৩৫ বছরের গৌরবময় ঐতিহ্য বহন করছে। দীর্ঘ এ সময়ে উপজেলার অন্যতম সফল ও সুনমিধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটি পরিচিতি লাভ করেছে। প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টা ও সঠিক নির্দেশনায় স্থানীয় এলাকার কোমলমতি শিশুদের শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি শুরু থেকেই অনন্য ভূমিকা রেখে চলেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কখনও কোনো নৈতিক বা প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠেনি। আগামী ২০২৭ সালের জুন মাসে তিনি অবসরে যাওয়ার কথা রয়েছে। কর্মজীবনের শেষ সময়ে এসে হঠাৎ তার বদলির দাবি তোলায় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, "প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাপ্তরিক কোনো অনিয়ম নেই। সম্প্রতি বিদ্যালয় চত্বরে একটি তাফসির মাহফিল আয়োজন করা নিয়ে সামান্য মতবিরোধ হয়েছিল, যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের উপস্থিতিতে ইতিমধ্যেই শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়েছে। কিন্তু সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে প্রধান শিক্ষককে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে চক্রটি।"
এ বিষয়ে প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী বলেন, "বিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো সমস্যা নেই। যে ছোট ঝামেলাটি হয়েছিল, তা স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে। তবে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থের জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।"