নওগাঁর সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরের তেঁতুলতলা এলাকার একটি আমের আড়তঘরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত অতিথি ও শ্রমিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাপাহার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাদল) এবং শিরন্টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলী।