নওগাঁয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। জানতে পেরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বরাত সাড়ে ১২ টার দিকে নওগাঁ শহরের বাইপাস গাবতলী মোড়ে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ওই মোড়ে আল বারাকা পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস পাশাপাশি দাঁড় করে রাখা ছিল। এসময় বাসের ড্রাইভার হেলপার বা যাত্রী কেউ ছিলেন না। হঠাৎ সেখানে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন দুটিবাসে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার রুহুল আমিন বলেন, বাস দুটির বড় অংশই পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। নওগাঁ সদর মডেল থানার এসআই খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করে। কীভাবে বাসগুলোতে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার মূল কারণ উদঘাটনে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও গুরুত্বের সাথে তদন্ত করছে। অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে দায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, এটি কোন দুর্বৃত্তের দেওয়া আগুন নয়। মূলত কয়েলের আগুন থেকে এমনটি ঘটেছে।