চাটমোহরে ডিলারের গোডাউন থেকে সার লুট,উদ্ধারে প্রশাসনের মাইকিং

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৪:৪৮ পিএম
চাটমোহরে ডিলারের গোডাউন থেকে সার লুট,উদ্ধারে প্রশাসনের মাইকিং
ছবি: FNS

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে রাসায়নিক সার লুট হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এলাকার কয়েকশ’ কৃষক ও এলাকাবাসী এই সার লুট করে। জানা গেছে,উপজেলার ছাইকোলা ইউনিয়নের বিসিআইসির ১ জন ও বিএডিসির ২ জন ডিলার রয়েছে। সোমবার (৯ নভেম্বর) ছাইকোলা বাজারে এই ৩ জন ডিলারের সার বিতরণের দিন ধার্য ছিল। এলাকার প্রায় ৩/৪ হাজার কৃষক/কিষানি সার কেনার জন্য ডিলারের দোকানে জড়ো হন। এরমধ্যে কৃষি বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে সিদ্ধান্ত হয় বিএডিসির ডিলাররা আগামী বুধবার ও বৃহস্পতিবার সার দিবে। কিন্তু বিসিআইসির ছাইকোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজারের প্রদীপ কুমার পাল সার বিক্রি শুরু করেন। প্রদীপের প্রতিনিধি নিরু ঘোষ ওই ইউনিয়নের ৪ ৫ ও ৬ নং ওয়ার্ডের কৃষকদের মধ্যে সার বিক্রি শুরু করলে অপর দুই ডিলারের দোকানে থাকা কয়েক শত কৃষক প্রদীপ পালের দোকানে আসেন। এক পর্যায়ে প্রায় ৩ হাজার কৃষক ও এলাকাবাসী সারের গোডাউনে হামলা চালিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে গোডাউনের টিনের বেড়া কেটে ৬ শত বস্তা ডিএপি,ইউরিয়া ও পটাশ সার লুট করে নিয়ে যায়। এসময় ডিলারের লোকজন ভীত সন্তস্ত্র হয়ে পড়েন এবং বাধা না দিয়ে দুরে সরে যান। এসময় সেখানে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান,আনসার সদস্যরা কোন বাধা দিতে পারেননি। এলাকার নারী-পুরুষ সার লুট করে চলে যায়। খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক জাহাঙ্গীর হোসেন প্রামানিক,চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান,উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ,থানার অফিসার ইনচার্জ অলিউর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা ক্ষতিগ্রস্ত ডিলার,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসীর সাথে কথা বলেন। ছাইকোলা ইউনিয়ন পরিষদে বসে ঘটনা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লুট হওয়া সার উদ্ভারে মাইকিং করা হয়। বলা হয়,যারা সার ফেরত দিবেন অথবা সারের দাম জমা দিবেন,তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হবে না। তবে যারা এই আহ্বানে সাড়া দিবে না,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত এলাকাবাসী খোলা বাজারে সার বিক্রির দাবি জানান। একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান,দুইজন সারের ডিলার আজকে (৯ নভেম্বর) যখন সার বিক্রি করবে না বলে জানান,তখন কৃষকরা অন্য ডিলারের দোকানে ভিড় করেন। কিন্তু ওই ডিলার তার জন্য নির্ধারিত ওয়ার্ডের বাইরে সার বিক্রি করবে না বলে জানালে বিক্সুব্ধ কৃষক গোডাউনে হামলা করে সার নিয়ে যায়।

উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ বলেন,‘আমড়া এই ইউনিয়নের সার লুট হয়ে যে ক্ষতি হয়েছে,তা পুরণে পদক্ষেপ নেওয়া হবে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান বলেন,‘ডিলারের হিসাব অনুযায়ী ৬১১ বস্তা সার লুট হয়েছে। আমড়া সার উদ্ধারে মাইকিং করেছি। যারা সার ফেরত বা টাকা জমা দিবে না,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা সার বা টাকা দিবেন,তারা আইনের আওতায় আসবে না।

আপনার জেলার সংবাদ পড়তে