রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০২:৪১ পিএম
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে
ছবি: FNS

রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুলিশ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ওই সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিস্থিতি বিবেচনায় তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। এর পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু সম্পর্কে দায়িত্বরত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে। পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে বিষয়টি জানানো হয়। এরপর নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করা হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে