তদন্তে প্রশাসন ও পুলিশ

তানোরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন এলাকায় উত্তেজনা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:৪৮ পিএম
তানোরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন এলাকায় উত্তেজনা
ছবি: FNS

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন দাবি করেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আজিজপুর মোড়ের দলীয় কার্যালয় থেকে দেড় কিলোমিটার দূরে বোনকেশর ব্রীজঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের ব্যানারে ৫ জন নেতাকর্মী অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে। সেখান থেকে এসে তারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।"

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলার কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, অগ্নিসংযোগের ঘটনায় পার্টি অফিসে ভিতরে সব আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে। "সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।"

এদিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর হাসান।

এবিষয়ে তানোর থানার ওসি মাহামুদুর হাসান জানান, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।" অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে