পোড়া টাকায় বিড়ম্বনায় ক্রেতা-বিক্রেতা

মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ পিএম
পোড়া টাকায় বিড়ম্বনায় ক্রেতা-বিক্রেতা
ছবি: FNS

বাজারে ২০ ও ৫০ টাকার পোড়া নোটে লেনদেনের ক্রেতা বিক্রেত উভয় পরিস্থিতিতে পড়ছেন। খুলনার অন্যতম বাণিজ্যিক নগরী কপিলমুনি বাজার ও পাইকগাছা উপজেলার অন্যান্য বাজারে ২০ ও ৫০ টাকার নোটে প্রায়ই দেখা যাচ্ছে পোড়া দাগ। নতুন কিংবা পুরোনো, এমনকি চকচকে নোটেও মিলছে এ ধরনের চিহ্ন। নোটের এক কোণে বা কোনও অংশে পোড়া দাগ থাকায় লেনদেনের সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন ক্রেতা-বিক্রেতারা। অনেক ক্ষেত্রে টাকা হাতে নেয়ার পর পোড়া দাগ চোখে পড়লে তা বদলে দেয়ার দাবি জানান ক্রেতারা। এতে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, এসব নোটের একটি অংশ মাদক সেবনের কাজে ব্যবহারের পর বাজারে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ইয়াবা সেবনের সময় টাকা পুড়িয়ে ব্যবহারের কারণে নোটের এক পাশে পোড়া দাগ তৈরি হয় বলে তাদের দাবি। তবে এসব নোটের প্রকৃত উৎস ও পোড়া দাগের কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে ১০, ২০ ও ৫০ টাকার নোটের ব্যবহার ব্যাপক। চায়ের দোকান, মুদি দোকান, হোটেল, গণপরিবহনসহ ছোটখাটো কেনাকাটায় এসব নোট হাতবদল হয় অসংখ্যবার। ফলে কোনো নোটে পোড়া দাগ থাকলে তা লেনদেনের সময় সহজেই চোখে পড়ে না। পরে বিষয়টি নজরে এলে তৈরি হয় উদ্ভট পরিস্থিতি। এক পক্ষ টাকা নিতে না চাইলে অন্য পক্ষকে সেটি বদলে দেয়ার চেষ্টা করতে হয়। কপিলমুনি বাজারের চা ও সিংড়া দোকানি প্রদীপ অধিকারী (ভোলা) বলেন, কেনাবেচার ভিড়ে কখন যে পোড়া দাগযুক্ত নোট লেনদেন হয়ে যায়, তা অনেক সময় বোঝা যায় না। পরে কোনো ক্রেতাকে টাকা খুচরা করে দেয়ার সময় পোড়া দাগ দেখতে পেলে সেটি বদলে দিতে বলেন। তখন আমাদের বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অপর চা দোকানি অসীম অধিকারী বলেন, কেনাবেচার ব্যস্ততার মধ্যে প্রতিটি নোট ভালোভাবে পরীক্ষা করে নেয়া সম্ভব হয় না। আবার ক্রেতার হাতে এমন নোট তুলে দিলে তিনিও অসন্তুষ্ট হন। ফলে ছোট অঙ্কের টাকা নিয়েও অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কের পরিস্থিতি তৈরি হয়। আরেক চপ ও ভাজা ব্যবসায়ী আনিস মোড়ল ও সেলম্যান শামীম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমড়া কপিলমুনি বাজারে ভাজারা ব্যাবসা করে আসছি। তবে পূর্বের তুলনায় এখন ১০, ২০ ও ৫০ টাকার নোটের কোনায় প্রায় সময় পোড়া দাগ লক্ষ্যে করা যায়। আমড়া তখন  ক্রেতাকে নোটটি চেঞ্জ করে দেওয়ার কথা বললে বাধে বিপত্বি। ধারণা করা হচ্ছে, নেশাজাতীয় দ্রব্য সেবনের কাজে টাকা ব্যবহারের কারণে এ ধরনের পোড়া দাগ তৈরি হচ্ছে বলে তারা শুনে আসছেন। বিশেষ করে ইয়াবা সেবনের সময় টাকা পোড়ানো হয় বলে তার দাবি। এ কারণে অনেক নোটের এক কোণে পোড়া চিহ্ন দেখা যায়। তবে শুধু পোড়া দাগ দেখেই কোনও নোট মাদক সেবনের কাজে ব্যবহার করা হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। অসাবধানতা, আগুনের সংস্পর্শ কিংবা অন্য কারণেও নোট পুড়ে যেতে পারে। তাই বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজন যথাযথ অনুসন্ধান। টাকার অঙ্ক ছোট হলেও লেনদেনের ঝামেলা ছোট নয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও দৈনিক আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিদের কাছে ১০, ২০ কিংবা ৫০ টাকার নোটের গুরুত্ব অনেক। তাদের প্রতিদিনের কেনাকাটা ও ব্যবসায় এসব নোটের ব্যবহার বেশি হওয়ায় পোড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায় পড়ার আশঙ্কাও থাকে। একজন ক্রেতা কোনও নোট গ্রহণের পর সেটি অন্যত্র খরচ করতে গিয়ে প্রত্যাখ্যাত হলে তাকেও ভোগান্তিতে পড়তে হয়। আবার দোকানিরা নোটটি গ্রহণ না করলে ক্রেতার সঙ্গে মনোমালিন্য তৈরি হতে পারে। এভাবে একটি ক্ষতিগ্রস্ত নোট ঘিরে একের পর এক লেনদেনে বিড়ম্বনা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের হাতে প্রতিদিন অসংখ্য নোট আসে। প্রতিটি নোটের উৎস জানা বা আগের ব্যবহার শনাক্ত করা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে অজান্তেই ক্ষতিগ্রস্ত নোট গ্রহণ করার পর অন্য ক্রেতার কাছে সেটি চালাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। ব্যবসায়ীদের বক্তব্যে মাদক সেবনের সঙ্গে পোড়া দাগযুক্ত নোটের একটি সম্পর্কের অভিযোগ উঠে এসেছে। তাদের দাবি, মাদক সেবনের সময় কিছু নোট ব্যবহারের পর সেগুলো আবার সাধারণ লেনদেনে চলে আসে। এ অভিযোগ সত্য হলে বিষয়টি শুধু মাদক ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং জনসমাগমপূর্ণ বাজারে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিস্তার এবং তার সামাজিক প্রভাব নিয়েও প্রশ্ন তৈরি করে। তাই শুধু পোড়া নোট নিয়ে ক্রেতা-বিক্রেতার পারস্পরিক দোষারোপ নয়, প্রয়োজন অভিযোগের সত্যতা যাচাই, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা।

আপনার জেলার সংবাদ পড়তে